জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন ও উত্তরা থানা শাখার নায়েবে আমির মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের গার্ডেন রোডের একটি বাসা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিন দফা সময় নিয়েও আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির না হওয়ায় ৬ মার্চ সেলিম উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি দুজন হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও সাংসদ হামিদুর রহমান আযাদ।জামায়াতের বিবৃতি: এদিকে সেলিম উদ্দিন ও মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতি দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি অভিযোগ করেন, সরকার ‘গণহত্যা’ চালিয়ে ও রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এর প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।পৃথক বিবৃতিতে দলের নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের কর্মী আবদুর রহমান হত্যা, ব্লগার সানিউর রহমানের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করার প্রতিবাদ জানান। তিনি বলেন, কোনো কিছু ঘটলেই বাছবিচার না করে জামায়াত-শিবিরকে দোষারোপ করা কিছু গণমাধ্যমের মজ্জাগত কু-অভ্যাসে পরিণত হয়েছে।অপর এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ‘গণহত্যায়’ নিহত ব্যক্তিদের জন্য আজ শনিবার নয়াপল্টনে গায়েবানা জানাজায় অংশগ্রহণ ও কাল দেশব্যাপী ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।