জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তারের অগ্রগতি বিষয়ে জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগ থাকা জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তারে অগ্রগতির বিষয়ে ২১ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দুজন হলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর শাখার নায়েবে আমির সাংসদ হামিদুর রহমান আযাদ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ নির্দেশ দেন। ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের কারণে এই দুজন ও জামায়াতের মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে স্বশরীরে হাজির হয়ে ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।কিন্তু ওই তিনজন আইনজীবীর মাধ্যমে তিন দফা সময় নিয়েও হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১০ মার্চ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে। সেদিন তিনি মন্তব্যের বিষয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য দেন এবং ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন।গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের ওই তিন নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ট্রাইব্যুনালে অগ্রগতি প্রতিবেদন দেন। প্রতিবেদনে সেলিম উদ্দিনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়। অপর দুজনের বিষয়ে বলা হয়, পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি। পরে ট্রাইব্যুনাল ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে ২১ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেন। একই দিনে সেলিম উদ্দিনের ব্যাখ্যার বিষয়ে শুনানির দিনও ধার্য করা হয়।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন ট্রাইব্যুনাল।