মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও দলটির কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টেও বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
হাইকমিশনারের কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। হাইকমিশনারের মুখপাত্র রাবিনা শামদাসানির দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, বিচারে বিশেষ করে ‘আন্তর্জাতিক যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের মানদণ্ড’ না অনুসরণ করার বিষয়ে তাঁরা উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, নিজামী মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে রিভিউ আবেদন করেছেন, যার ওপর আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে। আইনগত প্রক্রিয়ায় এটাই শেষ ধাপ। আশা করা হচ্ছে, আদালত বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবেন। এর আগে গত ১০ মার্চ সুপ্রিম কোর্টে জামায়াতের আরেক নেতা মীর কাসেমের ফাঁসির রায় বহাল রাখা হয়।
নাজিম উদ্দিন হত্যায় উদ্বেগ: বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে নাজিম উদ্দিন নামের আরেক ব্লগার হত্যার ঘটনায় সংস্থাটি উদ্বিগ্ন। হাইকমিশনার জায়েদ রা’দ আল হোসেন চরমপন্থীদের হুমকির মুখে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।