জামায়াতের দুই নেতার রিটের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের প্রথম সংশোধনী ও ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। আগামী রোববার পরবর্তী শুনানি হবে। গত সোমবার কারাগারে আটক জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে রিটটি করা হয়। গতকাল তাঁদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুর রাজ্জাক। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।বেলা সোয়া দুইটায় শুনানিতে অংশ নিয়ে আবদুর রাজ্জাক বলেন, ১৯৭৩ সালের অপরাধ ট্রাইবুন্যাল আইনের মাধ্যমে হাইকোর্টের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ট্রাইবুন্যালের কোনো অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে উচ্চ আদালতের বিচারিক পুনর্বিবেচনার (জুডিশিয়াল রিভিউ) ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।আদালত আবদুর রাজ্জাককে উদ্দেশ করে বলেন, আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে, এ আইনে ট্রাইবুন্যালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে কোথায়ও যাওয়ার সুযোগ নেই। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলমকে এ ব্যাপারে পর্যালোচনা করে আসতে বলে আদালত আগামী রোববার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।