জামায়াতের দুই নেতাসহ বিভিন্ন স্থানে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ট্রাক টার্মিনালের পাশে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতা নিহত হয়েছেন। একই দিন ফরিদপুরের নগরকান্দায় টেম্পোর চাকা ফেটে একজন নিহত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে মঙ্গলবার ট্রাকের চাপায় স্কুলছাত্রী ও সোমবার গোপালগঞ্জে এক তরুণ নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতারা বুধবার শহরের ট্রাক টার্মিনাল মসজিদে ফজরের নামাজ আদায় করে টার্মিনালসংলগ্ন একটি হোটেলের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় যশোরগামী বালুভর্তি একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোসাব্বের হোসেন লাল্টু (৩৫) ও অর্থসম্পাদক সিরাজুল ইসলাম (৬২) নিহত হন। গুরুতর আহত হন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমান ও কর্মী তাজুল ইসলাম।কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রুনা গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষায় অংশ নিতে তার বাবা রিয়াজউদ্দিনের সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল। বেলা পৌনে একটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রুনা নিহত হয়। রুনার বাড়ি গোবিন্দপুর গ্রামে।গোপালগঞ্জ: ভাইয়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলো সজীব (১৫)। আহত হয়েছে ১০ জন। তাঁদের মধ্যে রয়েছেন সজীবের বাবা ভিকু মুন্সী (৫৮), পরিবারের সদস্য ও স্বজনেরা। গত সোমবার রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশায় যাত্রীবাহী টেম্পো ও মাইক্রোবাসের সংঘর্ষে তারা হতাহত হয়।দুর্ঘটনায় আহতদের গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার কান্দি নামক স্থানে গতকাল বেলা ১১টার দিকে এক টেম্পো দুর্ঘটনায় লিভার ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি মো. মাসুদ (২৭) নিহত হয়েছেন। মাসুদের বাড়ি ভাঙ্গা পৌরসভা এলাকার সোনাখোলাতে। টেম্পোটির সামনের চাকা ফেটে গেলে এই দুর্ঘটনা ঘটে।