চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হত্যা ও বিস্ফোরক মামলায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ ১০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে লোহাগাড়ায় তাণ্ডব চালানোর ঘটনায় জামায়াতের এই দুই নেতার প্ররোচনা ও ইন্ধন রয়েছে।
তবে অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় অভিযোগপত্র দুটি জমা দেন। অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, মামলার নথি জজ কোর্টে থাকায় অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য হয়নি। নথি আসার পর শুনানির দিন ধার্য হবে। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে লোহাগাড়ার পদুয়া বাজার এলাকা থেকে ঠাকুরদিঘী পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়কের পাশে গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, পুলিশের ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়া এবং পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। উপজেলার রাজঘাটা জমির কমপ্লেক্সে প্রাণে বাঁচতে ১৯ পুলিশ সদস্য আশ্রয় নিলে কলাপসিবল গেট বন্ধ করে তাঁদের পুড়িয়ে মারতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মামলার আসামি লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল আলম গ্রেপ্তার হওয়ার পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাশকতার কথা স্বীকার করেন। তিনি জবানবন্দিতে উল্লেখ করেন, জামায়াতের ওই দুই শীর্ষ নেতার ইন্ধন ও প্ররোচনায় ঘটনার দিন লোহাগাড়ায় পুলিশ কনস্টেবল আবু তারেককে কুপিয়ে হত্যা করা হয়। বারবার চেষ্টা করেও শাহজাহান চৌধুরী ও শামসুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁদের রাজনৈতিকভাবে হয়রানি করতে দুই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক।