জামায়াতের নিবন্ধন চ্যালেঞ্জ করে করা রিট কার্যতালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে করা রিট আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে। বিষয়টি শুনানির জন্য গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চের তালিকায় ছিল।বাংলাদেশ তরিকত ফেডারেশনের তখনকার মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন আবেদনকারী হয়ে ২০০৯ সালে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাইয়ের বেঞ্চ রুল জারি করেন।আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য আরেকটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময়ে ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারী পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন মহল থেকে দলটিকে নিষিদ্ধের দাবি ওঠে। ২৩ ফেব্রুয়ারি আইনমন্ত্রী শফিক আহমেদ এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘জামায়াত রাজনৈতিক দল হিসেবে যেন কার্যকারিতা বজায় রাখতে না পারে, সে জন্য একটি রিট আবেদন সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে। আশা করি শিগগিরই রিট আবেদনের ওপর শুনানি শুরু হবে।’রিট আবেদনটিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি (১)(বি)(২) এবং ৯০ সি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়। ওই অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধনের অযোগ্যতার কারণ বলা আছে।হাইকোর্টের রুলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। যোগাযোগ করা হলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রিট আবেদনকারীদের আইনজীবী তানিয়া আমীর প্রথম আলোকে বলেন, ‘রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আগামী কার্যদিবসে (রোববার) শুনানি শুরু হবে বলে আশা করছি। এখনো রুলের জবাব পাইনি।’