জামায়াতের নিবন্ধন নিয়ে রিটের পরবর্তী শুনানি ২৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর পরবর্তী শুনানি হবে ২৩ এপ্রিল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে এ দিন ধার্য করেন। ওই দিন নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে বক্তব্য উপস্থাপন করার কথা।গতকাল তৃতীয় দিনের শুনানিতে রিটের পক্ষে আইনজীবী তানিয়া আমীর বলেন, জামায়াত ধর্মকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। এ সময় আদালত জানতে চান, জামায়াতকে নিবন্ধন দেওয়ায় আপনি (রিট আবেদনকারীরা) কীভাবে সংক্ষুব্ধ? জবাবে তানিয়া আমীর বলেন, আবেদনকারীদের অনেকেই ইসলামি চিন্তাবিদ, দার্শনিক ও সুফিবাদে বিশ্বাসী। তাঁরা ধর্মকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারে বিশ্বাসী নন। কিন্তু জামায়াত ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।তানিয়া আমীর বলেন, জামায়াত ইসিতে যে গঠনতন্ত্র জমা দিয়েছে, তা সংবিধানের বেশ কয়েকটি ধারার সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তানে ব্লাসফেমি আইন আছে। দেশটির নির্বাচন কমিশন নির্বাচনে যাতে ধর্মকে ব্যবহার করা না হয়, সে জন্য সার্কুলার জারি করেছে। অথচ এ দেশে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। এটি কোনোভাবেই সংবিধানসম্মত নয়।২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের ওপর এখন শুনানি চলছে।