জামায়াতের নিবন্ধন নিয়ে রিটের শুনানি ৯ এপ্রিল
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি আগামী ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।জামায়াতের পক্ষে চার সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। এই সময়ের আগেই বিবাদীপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন চাইলে তারাও রুলের জবাব দিতে পারে বলে মত দিয়েছেন আদালত।আদালতে জামায়াতের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তানিয়া আমীর শুনানি করেন।শুরুতেই চার সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, ২০০৯ সালে করা রিটের পর হাইকোর্ট রুল জারি করেন। ইতিমধ্যে কয়েকবার দলটির গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছে। বিবাদী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী কারাগারে আছেন। তাঁদের সঙ্গে এ মামলার ব্যাপারে পরামর্শ ও আলোচনা করা দরকার।তানিয়া আমীর বলেন, দ্রুত রুলের চূড়ান্ত শুনানি শুরু করা দরকার। রিটের পক্ষে শুনানি শুরু করা যেতে পারে। রুলের জবাব দিয়ে অপর পক্ষ এরপর শুনানিতে অংশ নিতে পারে। পরে আদালত ৯ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।