জামায়াতের নিবন্ধন বাতিল করে রাজনীতি নিষিদ্ধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াত-শিবির কোনো রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলকে বাংলার মাটিতে কোনো রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সেই লক্ষ্যে আইনমন্ত্রী কাজ করছেন। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব উল আলম এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের আমলেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাচনকালীন সরকারের রূপরেখা সম্পর্কে মাহবুব উল আলম বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছে। টিআইবির রূপরেখা আরও জটিল। এই নতুন জটিল ফর্মুলা দিয়ে আর জটিলতা সৃষ্টির কোনো প্রয়োজন নেই। বিরোধী দল বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে অস্বস্তিবোধ করলে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান প্রমুখ।