জামায়াতের নিবন্ধন বাতিল চায় ন্যাপ ও তরিকত ফেডারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও তরিকত ফেডারেশন।নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সংলাপে দল দুটি এ দাবি করে। গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথকভাবে প্রতিটি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে অপর রাজনৈতিক দল ও ১৮ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাপ বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কেবল ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। ন্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী কোনো দলের নীতি-আদর্শ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে সে দল নিবন্ধন পাওয়ার অযোগ্য। এই আইন অনুযায়ী এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন বহাল থাকে কীভাবে? আসনের সীমানাবিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা এবং ভোটারদের সুবিধা-অসুবিধা বিবেচনায় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে ন্যাপের আট সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।তরিকত ফেডারেশন নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। শফিউল আলম প্রধানের নেতৃত্বে সংলাপে অংশ নেওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টিও নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের সুপারিশ করেছে। ন্যাপ ও তরিকত ফেডারেশন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল।বাংলাদেশ ন্যাপ সংসদীয় আসন বাড়ানো ও জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। সংলাপে দলটির সভাপতি জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রত্যেক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদসহ অন্যান্য কমিশনার ও কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিইসির দুঃখ প্রকাশ: সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিইসি। তিনি নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের বলেন, ‘আমার কাছেও ওই ঘটনা ছিল অপ্রত্যাশিত। নির্বাচন কমিশনার মোবারক সাহেব এতে দুঃখ প্রকাশ করেছেন। আমি কমিশনের হয়ে বলছি, উই আর ভেরি স্যরি (আমরা খুবই দুঃখিত)।’ তিনি বলেন, ‘সিনিয়র সিটিজেন হিসেবে নির্বাচন কমিশনারের আচরণকে ক্ষমাসুন্দরভাবে নেবেন।’এদিকে নির্বাচন কমিশনারের আচরণে ক্ষুব্ধ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকেরা গতকাল কমিশন কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন।