জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন, তাতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন এই কমিশনার।

আদালতের রায়ের প্রসঙ্গ টেনে শাহনেওয়াজ বলেন, ‘আদালত বলেছেন, আমরা যে প্রক্রিয়ায় জামায়াতকে নিবন্ধন দিয়েছি, সেটা অবৈধ। জামায়াতের নিবন্ধন বাতিলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা দেননি আদালত। তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আদালতের যে আদেশ, তাতে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে।’

নির্বাচন কমিশন ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে অস্থায়ী নিবন্ধন দেয়। এই নিবন্ধনের বিরুদ্ধে ২০০৯ সালে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন। নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে ওই রিটের ওপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ২ নভেম্বর প্রকাশ করা হয়।

তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দল অংশে জামায়াতের ইসলামীর পরিচিতিতে বলা হয়েছে, ‘মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশন নং ৬৩০/২০০৯-এর উপর ০১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘হাইকোর্ট বেঞ্চই আমাদের সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি দিয়েছেন।তার মানে হলো বিষয়টি বিচারাধীন।এ সময়ে নির্বাচন কমিশনের বক্তব্য দেওয়া সঠিকহয়নি।’