জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয় আইনগতভাবে দেখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এই দলটির নিবন্ধন বাতিলের বিষয়টি রাষ্ট্র আইনগতভাবে দেখবে।গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়ের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে জামায়াতের সঙ্গে মহাজোটের সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। কোনো আঁতাত যদি হতো, তা হলে জামায়াত এমন অরাজকতা সৃষ্টি করত না। জামায়াতের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, জামায়াত একটি অগণতান্ত্রিক দল। এ ধরনের শক্তি কোনোভাবেই গণতন্ত্রে অঙ্গীভূত হতে পারে না। তাই দেশে গণতন্ত্রের বিকাশের স্বার্থেই জামায়াতকে গণতন্ত্রের মাঠ থেকে বিতাড়ন করতে হবে। দলটিকে বর্জন করতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। হাসানুল হক ইনু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে বাংলাদেশের আইন অনুযায়ী গঠিত একটি জাতীয় আদালত। এই আইন ও আদালত গঠন নিয়ে অন্য কোনো দেশের প্রশ্ন তোলা বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো; যা কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। তিনি বলেন, ‘আত্মস্বীকৃত যেসব যুদ্ধাপরাধীর বিচার ও সাজা হচ্ছে, তাঁরা কেউই স্বীকৃত ধর্মীয় নেতা বা আলেম-ওলামা নন। জামায়াতে ইসলামী মানেই ইসলাম না। জামায়াত জন্মলগ্ন থেকেই সশস্ত্র সন্ত্রাসী দল।’ তিনি অভিযোগ করেন, জামায়াত আন্তর্জাতিক সন্ত্রাসীবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে একটি পরিপূর্ণ সশস্ত্র সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে, যা শুধু অভ্যন্তরীণভাবে দেশের জন্যই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য বিপদ ও ঝুঁকিতে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।