জামায়াতের নেতা আজহারের গলাবাজি ‘আমরাও মুক্তিযোদ্ধা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করলেও এবার নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। একজন জাতীয় অধ্যাপকের নাম উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘তিনি যে সেক্টরে যুদ্ধ করেছেন, আমরাও সে সেক্টরে যুদ্ধ করেছি। তিনি যদি নয় মাস সরকারি চাকরি করে রাজাকার না হন, তাহলে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করে কেন রাজাকার হব। আমরাও মুক্তিযোদ্ধা।’বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় এ টি এম আজহার এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যা খুশি তা-ই করবেন, যাকে খুশি রাজাকার বানাবেন, এটা হবে না।’প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় জামায়াত পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয় সহযোগিতা করেছিল। জামায়াতে ইসলামীর বর্তমান শীর্ষস্থানীয় নেতাদের অনেকেই ছিলেন আলবদর বাহিনীর নেতৃত্বে। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক গোপন প্রতিবেদনে (ফোর্টনাইটলি সিক্রেট রিপোর্ট অন দ্য সিচুয়েশন ইন ইস্ট পাকিস্তান) দেখা যায়, জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এই বাহিনী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। এই প্রতিবেদনে দেখা যায়, এ টি এম আজহারসহ জামায়াতের শীর্ষস্থানীয় বর্তমান নেতাদের অনেকেই আলবদর বাহিনীর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করেন।গতকালের আলোচনা সভায় এ টি এম আজহার এসব ভূমিকা অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে স্বাধীনতার পর থেকে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। জনগণ এটা বিশ্বাস করলে আমাদের আজ এ অবস্থা হতে পারত না। আমাদের লোকেরা সাংসদ হতে পারত না। বাংলাদেশের লোকেরা এসব বিশ্বাস করে না। টেলিভিশনে আমাদের যতই যুদ্ধাপরাধী বলা হোক না কেন, জনগণ তা বিশ্বাস করে না।’বিজয় দিবসের প্রতি ইঙ্গিত করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই দিবস এলে তারা (আওয়ামী লীগ) একটি কথা বলে, “রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে চাই।” রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার নামে তারা আসলে ইসলামমুক্ত বাংলাদেশ গড়তে চায়। জীবন থাকতে আমরা ইসলামমুক্ত বাংলাদেশ গড়তে দেব না।’ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় দলের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।