জামায়াতের নেতা উপস্থিত অনুষ্ঠান বর্জন
স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সকালে আয়োজিত অভিবাদনমঞ্চে সালাম গ্রহণের সময় জামায়াতের নেতা উপস্থিত হওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা ওই অনুষ্ঠান বর্জন করেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, গতকাল ধানগড়া উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠান হয়। সকাল নয়টায় অভিবাদনমঞ্চে সালাম গ্রহণের জন্য স্থানীয় সাংসদ মো. ইসাহাক আলী তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ওঠার কিছুক্ষণ পর জেলা জামায়াতের সদস্য ও রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আবদুস সাত্তার উপস্থিত হন। এ সময় জামায়াত নেতার মঞ্চে ওঠার প্রতিবাদ করে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করেন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার বলেন, ‘জামায়াত নেতা উপজেলা চেয়ারম্যান হলেও তাঁর অভিবাদনমঞ্চে ওঠার কথা নয়। ইতিপূর্বে সে কোনোদিনই মঞ্চে ওঠেনি। এবার মঞ্চে ওঠার কারণেই আমরা অনুষ্ঠান বর্জন করে চলে যাই।’ ইউএনও রবিউল ইসলাম বলেন, নিয়মানুযায়ী দাওয়াতপত্র দেওয়ায় তিনি অনুষ্ঠানে এসেছিলেন। অভিবাদনমঞ্চে ওঠায় মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানিয়ে চলে যান। পরে তাঁদের আবার অনুষ্ঠানে বুঝিয়ে আনা হয়। জামায়াতের জেলা কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার বলেন, ‘স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে নিয়মানুযায়ী সব অনুষ্ঠানে যেতে হয়। পূর্বেও এ ধরনের অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম।’