দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় তাণ্ডব ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেতৃত্ব ও অর্থ জোগান দেওয়ার অভিযোগে জামায়াতের এক নেতা এবং জামায়াত-সমর্থিত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগাড়া ও চট্টগ্রাম নগরে পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া একজন হলেন লোহাগাড়া চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং চরম্বা জামে উলুম মাদ্রাসার সহকারী সুপার শামসুল ইসলাম। তাঁকে লোহাগাড়া থেকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়। অন্যজন হলেন রিয়াজউদ্দিন বাজারের ধনাঢ্য ব্যবসায়ী সৈয়দ নুর। তাঁকে রোববার রাতে নগরের জুবিলি রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা কয়েক দিন লোহাগাড়ায় যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলে, এর নেতৃত্বে ছিলেন তৃণমূল পর্যায়ের জামায়াতের কয়েকজন নেতা। তাঁদের অন্যতম শামসুল ইসলাম। তিনি ঘটনার দিন নিজ মাদ্রাসার ছাত্রদের তাণ্ডবে অংশ নিতে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির তাণ্ডবে পুলিশের এক কনস্টেবলসহ দুজন নিহত হন। ওই দিনের তাণ্ডবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্তত ছয় দিন ধরে চট্টগ্রামের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এদিকে তৃণমূল পর্যায়ে আন্দোলনকে চাঙা রাখতে জামায়াতের নেতা-কর্মীদের কাছে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। জামায়াত-সমর্থিত চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ীরা অর্থের জোগান দেন বলে পুলিশের কাছে তথ্য আছে। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলা এবং কক্সবাজার ও বান্দরবানকে বিচ্ছিন্ন রাখা হয়। এতে শত শত কর্মীকে চাঙা রাখতে বিপুল অর্থ খরচ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ প্রথম আলোকে বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনের তাণ্ডব ও খুনের ঘটনায় নেতৃত্ব দেওয়া নেতাদের মধ্যে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম রয়েছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ইলতুৎ মিশ আরও বলেন, বিভিন্ন কর্মসূচি ও ঘটনায় জামায়াতের কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিয়ে আসছেন। তাঁদের মধ্যে রিয়াজউদ্দিন বাজারের সৈয়দ নুর রয়েছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।