জামায়াতের নেতা-কর্মীদের পদত্যাগ নিয়ে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল বাছেত খানকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলায় দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে গণপদত্যাগ করেছেন বলে দাবি করেছেন তিনি। তবে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বাছেতের এ দাবির সত্যতা পাওয়া যায়নি।
৩১ মার্চ বেড়া উপজেলা পরিষদের নির্বাচন হবে। এ নির্বাচনে উপজেলা জামায়াতের আমির আবদুল বাছেত খানকে দলের তরফ থেকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়। তিনি বেশ কিছুদিন ধরে প্রচারণাও চালাচ্ছেন। জামায়াতের আমির মাওলানা মতিউর রহমানের নির্বাচনী এলাকা বেড়া।
বাছেত খান বলেন, গত শুক্রবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিচয় দিয়ে এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে নির্বাচন থেকে সরে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান। এরপর জামায়াতের জেলা নির্বাচনী কমিটির সদস্য মাওলানা হাবিবুর রহমান ও আমির মাওলানা আবদুর রহিমও মুঠোফোনে তাঁকে একই রকম অনুরোধ করেন। এ জন্য তাৎক্ষণিকভাবে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর ওই দিন রাত আটটার দিকে তাঁর বাসভবনে রুকন ও কর্মী সমেঞ্চলন ডাকা হয়। এতে উপস্থিত নেতা-কর্মীরা তাঁর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে গণপদত্যাগ করেন।
বাছেত খান বলেন, ‘উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে থাকা ১৬৫ জন রুকনসহ অন্যান্য নেতা-কর্মী পদত্যাগ করেছেন। এখন থেকে আমি জামায়াতের ব্যানারে নয়, নাগরিক ঐক্য সমাজের ব্যানারে নির্বাচন করব।’
জামায়াতের স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাছেতকে নির্বাচন থেকে সরে যেতে বলায় তাঁরা সবাই ক্ষুব্ধ। তবে তাঁরা গণপদত্যাগের কথা অস্বীকার করেছেন।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু দাউদ বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে গণপদত্যাগের কোনো ঘটনা ঘটেনি। বর্তমান পরিস্থিতিতে নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়লেও কেউই দলীয় সিদ্ধান্তের বাইরে নন। কাজেই বাছেত খান যদি দলের সমর্থনের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন, সেটা তাঁর ব্যাপার।’
মাওলানা হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলেন। মাওলানা আবদুর রহিমের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম বলেন, ‘বাছেতকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলিনি। আর গণপদত্যাগের কোনো কাগজপত্রও হাতে পাইনি। নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনেছি।’