জামায়াতের নেতা কামারুজ্জামানের গ্রেপ্তারে শেরপুরে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের গ্রেপ্তারের খবর রেডিও-টেলিভিশনে প্রচারিত হওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টরস কমান্ডার ফোরাম ও অন্যান্য প্রগতিশীল সংগঠন শেরপুর জেলা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলকারীরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরুর দাবি জানান।কামারুজ্জামানের গ্রেপ্তারের খবরে সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে জানান, ‘দীর্ঘদিন যাবত আমরা এই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আমরা খুশি।’ ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি আবদুর রশীদ জানান, ‘বিলম্বে হলেও কামারুজ্জামানকে গ্রেপ্তারে আমি সন্তুষ্ট।’ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সাধারণ সম্পাদক হাকিম বাবুল এ খবরে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কামারুজ্জামানকে গ্রেপ্তারের দাবি ছিল জনগণের প্রাণের দাবি।’অন্যদিকে কামারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোক্তার হোসেন জানান, ‘দেশে বর্তমানে জংলি আইন বিরাজ করছে। হাইকোর্টে জামিন নেওয়া সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আদালত অবমাননার শামিল।’উল্লেখ্য, ১৯৭১ সালে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় কামারুজ্জামানকে গতকাল সন্ধ্যায় হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী গ্রামে। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে কলেজছাত্র শহীদ গোলাম মোস্তফাসহ অনেককে হত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।