জামায়াতের নেতা কারা ফটক থেকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে কারা ফটক থেকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর জাফর সাদেককে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা, বিস্ফোরক, পুলিশের ওপর হামলাসহ ১১টি মামলা রয়েছে। গত ২৫ এপ্রিল পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘১১ মামলায় জামিনের আদেশ থাকায় জাফর সাদেককে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবহিত করা হয়।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় বলেন, ‘জামায়াতের নেতা জাফর সাদেককে নগর গোয়েন্দা ও পাঁচলাইশ থানার পুলিশ কারা ফটক থেকে আটক করেছে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি নাশকতার পরিকল্পনা করতে পারেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।’