জামায়াতের নেতা গাজী নজরুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গত ২ মার্চ শ্যামনগর উপজেলার আঠুলিয়া ও কাশিমারি এলাকায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গাজী নজরুল ইসলাম নেতৃত্ব দেন। এসব ঘটনায় ৩ মার্চ দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিমধ্যে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গাজী নজরুল ইসলাম দাবি করেন, তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। হয়রানি করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।