জামায়াতের নেতা গুলিতে নিহত, কাল হরতাল
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরার ডেকরা গ্রামে প্রতিপক্ষের গুলিতে আলাউদ্দিন (৩৫) নামের জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে তাঁকে গুলি করা হয়। নিহত আলাউদ্দিন আলকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। এ ঘটনার প্রতিবাদে জেলা জামায়াত কাল সোমবার কুমিল্লায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আলকরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের নেতা পূর্ব ডেকরা গ্রামের নুরুল আলম বিভিন্ন ‘অপকর্মের কারণে’ দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন। একদল ক্যাডার সঙ্গে নিয়ে গতকাল বিকেলে তিনি এলাকায় আসেন। খবর পেয়ে আলাউদ্দিন ও একরামুল হক নামের জামায়াতের অপর এক কর্মী নুরুল আমিনকে ধরতে যান। এ সময় নুরুল আমিন আলাউদ্দিনের ওপর হামলা চালান। একপর্যায়ে আলাউদ্দিনের পেটে গুলি করেন নুরুল আমিন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াতের বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের ওপর হামলা করেন এবং পুলিশ ভ্যান ভাঙচুর করেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি গুলি করে। পরে পুলিশ আটজনকে আটক করে। নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তিনি একসময় জামায়াতের কর্মী ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিলে স্থানীয় জামায়াতের কর্মীরা তাঁকে মেরে ফেলার হুমকি দেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে ফেনী শহরে বসবাস করছেন। গতকাল তিনি অসুস্থ মাকে দেখার জন্য বাড়ি আসেন। পরে ফেনী ফিরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আলাউদ্দিন ও একরামুল হক তাঁর গতি রোধ করেন। আলাউদ্দিন তাঁকে জাপটে ধরেন এবং একরামুল তাঁকে গুলি করেন। এ সময় তিনি আলাউদ্দিনকে ধাক্কা দিয়ে মাটিতে বসে পড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর গায়ে না লেগে আলাউদ্দিনের গায়ে লাগে। উপজেলা জামায়াতের আমির শাহাবউদ্দিন বলেছেন, তাঁদের দলের নেতাকে হত্যার প্রতিবাদে জেলা জামায়াত সোমবার কুমিল্লা জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, আলাউদ্দিন নামের এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন।