জামায়াতের নেতাকে ধরতে গিয়ে হামলায় দুই এসআই আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নয়রশিয়া গ্রামে গত বুধবার রাতে এক নেতাকে ধরতে গিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের হামলার শিকার হয়েছে শিবগঞ্জ থানার পুলিশ। এতে দুই এসআই আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের পিকআপের সামনের কাচ ভেঙে দেন। পুলিশ জানায়, রাত নয়টার দিকে পুলিশ জামায়াতের নেতা আতাউর রহমানকে গ্রেপ্তার করতে নয়রশিয়া গ্রামে তাঁর বাড়িতে যায়। আতাউর ৩ ডিসেম্বর উপজেলার কানসাটে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতাউর রহমান জামায়াতের কর্মী-সমর্থকদের ফোন করে ডাকেন। তাঁরা মসজিদের মাইকে স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালালে এসআই খায়রুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও শিবগঞ্জ ইউএনও এ জেড এম শারজিল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান কেরামত আলী বলেন, ‘আতাউর রহমান একটি মাদ্রাসার সহকারী সুপার এবং ওই এলাকায় তাঁকে ধরতে গেলে এলাকার মানুষের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ।