জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতারা অচিরেই সসম্মানে বেরিয়ে এসে আবার দেশের মানুষের নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এ কে এম নাজির আহমদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের প্রথম সারির সাতজন নেতার বিচার চলছে। জামায়াতের ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসনীম আলম ও মহানগর সেক্রেটারি নুরুল ইসলাম বক্তব্য দেন।ইফতারে সাংবাদিকদের মধ্যে নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সাংবাদিক সাদেক খান, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের (একাংশ) সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।