জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, তাঁদের নেতারা মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করেননি। তাঁরা এক পাকিস্তান চেয়েছিলেন মাত্র। এটা যদি অপরাধ হয়, তাহলে সে সময় যেসব জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করেছিলেন, তাঁরাও অপরাধী। তাঁদের বিচার না করে শুধু জামায়াত নেতাদের বিচার করলে জনগণ তা মানবে না।জামায়াতের গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার মুক্তির দাবিতে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ টি এম আজহার এসব কথা বলেন। ধারাবাহিক মতবিনিময়ের শেষ দিন গতকাল সোমবার জামায়াতের অনুসারী শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা।মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগের সমালোচনা করে জামায়াত নেতারা বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার পূরণের কথা বলে মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। অথচ এটাই সরকারের একমাত্র অঙ্গীকার ছিল না। জামায়াতের নেতারা দাবি করেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রী-সাংসদও একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন। জামায়াত তাঁদেরও তালিকা প্রকাশ করবে।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ সরকারের উদ্দেশে বলেন, ‘নির্বাচনের আগে আপনারা কি একটা ওয়াদা করেছিলেন? সব ভুলে গিয়ে এখন কেবল একটার (যুদ্ধাপরাধীদের বিচার) কথাই মনে আছে?...কিন্তু পেপার কাটিং আর আজগুবি কাহিনি দিয়ে যুদ্ধাপরাধের বিচার হয় না।’বিশেষ অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল অবৈধ, অসাংবিধানিক। ট্রাইব্যুনালের বিরুদ্ধে যখন হাইকোর্টে রিট করা হয়েছে, ঠিক তখনই নিজামী, মুজাহিদকে আসামি করে ওয়ারেন্ট ঘোষণা করা হয়েছে। আসলে সরকার তাঁদের যুদ্ধাপরাধের মিথ্যা মামলা দিয়ে আটকে রাখতে চায়। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, অনেক মন্ত্রী-সাংসদ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন। তাঁরা নিজেদের বাঁচাতে এখন আওয়ামী লীগে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের তদন্ত দলের আরও দুই সদস্য যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। একটির পর একটি উইকেটের পতন ঘটলে কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে না।