জামায়াতের পক্ষে আসা ব্রিটিশ আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি
ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনি সহায়তা দিতে তিনি গতকাল শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরের অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল সোয়া নয়টার দিকে টবি ক্যাডম্যান বিমানবন্দরে নামেন। কিন্তু বিমানবন্দরের ভিসা কেন্দ্র থেকে তাঁকে ভিসা দেওয়া হয়নি।ভিসা কেন্দ্রের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, টবি ক্যাডম্যানের বিরুদ্ধে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন রয়েছে। এ ছাড়া তাঁকে ভিসা না দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে। ওই সব প্রতিবেদন ও চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনালের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। তাই তাঁকে যেন ভিসা না দেওয়া হয়।কর্মকর্তারা জানান, সকাল সোয়া নয়টার দিকে এমিরেটসের একটি উড়োজাহাজে টবি ক্যাডম্যান শাহজালাল বিমানবন্দরে নামেন। ভিসা না দিয়ে তাঁকে বহিরাগমন বিভাগে পাঠানো হয়।