জামায়াতের পাঁচ নেতার জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানসহ পাঁচ নেতা-কর্মীর জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। আইনজীবী আবদুর রাজ্জাক ও এস এম কামাল উদ্দিন গতকাল জামিনের আবেদন করে আদালতকে বলেন, মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলায় জড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন কর্মকর্তা মকবুল হোসেন জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, আসামিদের গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে সাতটি বোমাসহ জিআই পাইপ ও বোমা তৈরির যন্ত্রাংশ, বিভিন্ন জিহাদি বই এবং লিফলেট উদ্ধার করা হয়। মামলাটি তদন্তাধীন। এ অবস্থায় আসামিদের জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।মামলার অন্য আসামিরা হলেন খুলনা মহানগর নায়েবে আমির শফিকুল ইসলাম, ঢাকার মিরপুর থানার (পশ্চিম) নায়েবে আমির মাহফুজুর রহমান, আহমেদ নগর ওয়ার্ড সভাপতি এ কে এম রোকন উদ্দিন ও রফি উদ্দিন।