জামায়াতের পাতা ফাঁদে পা দিয়েছে হেফাজত: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামীর পাতা ফাঁদে পা দিয়েছে মন্তব্য করে সংগঠনটিকে লংমার্চের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ইসলামকে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। হেফাজতে ইসলামের কাছ থেকে মানুষকে ইসলাম শিখতে হবে না।তথ্যমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের ছায়ার তলে রয়েছে শিবিরের চিহ্নিত ক্যাডার, সাকা চৌধুরী রক্ষা কমিটির নেতা এবং আফগানিস্তান থেকে যুদ্ধফেরত ক্যাডাররা। সংগঠনটির মধ্যে ন্যায়বিচারের দৃষ্টিভঙ্গি নেই—এ অভিযোগ করে মন্ত্রী বলেন, সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে নির্জলা মিথ্যাচার এবং কাবা শরিফের গিলাফ নিয়ে আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে একটা শব্দও উচ্চারণ করেননি হেফাজতের আমির শাহ আহমদ শফি। তথ্যমন্ত্রী তাঁকে ‘অসুস্থ, বয়োবৃদ্ধ ও শ্রদ্ধাভাজন’ বলে উল্লেখ করেন।হাসানুল হক ইনু বলেন, কারও ইমান মাপার পাল্লা কাউকে দেওয়া হয়নি। মাদ্রাসার প্রিন্সিপাল হলেই কাউকে মুসলিম বা অমুসলিম বলার অধিকার নেই কারও। কতিপয় আলেম ইসলামের নাম ভাঙিয়ে মওদুদীর অনুসারী জামায়াতকে রক্ষার চেষ্টা করছেন মন্তব্য করে ইনু বলেন, ইসলাম ফেতনা-ফ্যাসাদ পছন্দ করে না, কিন্তু জামায়াত ও হেফাজত তা-ই করছে। আর তাদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি। তথ্যমন্ত্রী আরও বলেন, লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের নাশকতা হলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।