জামায়াতের প্রচারপত্রসহ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
রাজশাহীতে জামায়াতের প্রচারপত্রসহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের রাজপাড়া থানার রায়পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম আবুল কাশেম (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম সোনালী ব্যাংক রাজশাহী রেলওয়ে শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত। তাঁর বাড়ি গোদাগাড়ী এলাকায়। তিনি নগরের বহরমপুর এলাকায় থাকতেন। শনিবার সন্ধ্যায় রায়পাড়া এলাকায় জামায়াতের গোপন বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। পুলিশ পৌঁছার আগেই ওই বৈঠক শেষ হয়। তবে রাত সাড়ে নয়টার দিকে বৈঠক থেকে বাসায় ফেরার পথে মহানগর গোয়েন্দা পুলিশ আবুল কাশেমকে আটক করে। এ সময় তাঁর কাছে থেকে জামায়াতের বেশ কিছু প্রচারপত্র ও জামায়াত নেতা গোলাম আজমের লেখা কয়েকটি বই উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান ভূইয়া জানান, আবুল কাশেমকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত সন্দেহে ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে তাঁর ব্যাপারে আরও তদন্ত চালানো হবে।