জামায়াতের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘জামায়াতের একটি অংশের মত, বিতর্কিতরা সরে যাক’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম এক বিবৃতিতে বলেছেন, জামায়াতে বিতর্কিত বলতে কেউ নেই। কাজেই কেউ সরে যাক, তা চাওয়ার প্রশ্ন অবান্তর।গতকাল শনিবার এক প্রতিবাদবার্তায় তাসনীম আলম বলেন, প্রথম আলোর প্রতিবেদনে নির্বাহী কমিটির তিন সদস্য নিষ্ক্রিয়, এ টি এম আজহারকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা নিয়ে বিরোধ এবং মীর কাসেম আলীর নেতৃত্বে গোপন বৈঠক মর্মে যেসব কথা লেখা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। জনগণকে বিভ্রান্ত করার জন্যই প্রথম আলোর প্রতিবেদনে এসব মিথ্যা তথ্য পরিবেশ করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: একাত্তরে জামায়াতের অবস্থানের কারণে ক্ষমা চাওয়া এবং একাত্তরে পাকিস্তানের পক্ষে কাজ করা নেতাদের দলের নেতৃত্ব থেকে সরে যাওয়া বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে একাধিকবার আলোচনা করা হয়েছে। নির্বাহী কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন।নির্বাহী কমিটির যে তিনজন সদস্য নিষ্ক্রিয় আছেন, তাঁদের একজনের সঙ্গে প্রথম আলোর কথাও হয়েছে। অন্য দুই নেতা দলের বৈঠকে যাচ্ছেন না, এ তথ্যও সঠিক। আর এ টি এম আজহারকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকেই একজন নেতা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।মীর কাসেম আলীর নেতৃত্বে বৈঠক এখন আর জামায়াতে কোনো গোপন খবর নয়। বর্তমান কমিটির অনেক সদস্যই সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে যোগ দেওয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্যের সঙ্গে প্রথম আলোর এ নিয়ে কথাও হয়েছে।