জামায়াতের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্দেহ হাওয়া ভবন’ শিরোনামে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের মামলা নিয়ে মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছে জামায়াতে ইসলামী। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি মো. তাসনীম আলম গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘অস্ত্রের চালান আনার বিষয়টি তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী আগে থেকে জানতেন বলে তদন্তে কিছু সাক্ষ্য ও তথ্য পাওয়া গেছে’ মর্মে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিবৃতিতে ‘গোয়েন্দা পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে’ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। জামায়াত দাবি করেছে, অস্ত্রের চালান ধরা পড়ার কথা প্রচার হওয়ার পরে প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে তা মতিউর রহমান নিজামী জানতে পেরেছেন। তার পূর্বে তিনি ওই ব্যাপারে কিছুই জানতেন না। প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দশ ট্রাক অস্ত্রের চোরাচালানের ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাকে মিথ্যা মামলায় জড়িত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিবেদকের বক্তব্য: জামায়াত দাবি করলেও প্রতিবেদনে ‘গোয়েন্দা পুলিশ সূত্র’র উদ্ধৃতি দিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে দেওয়া সাবেক শিল্পসচিব শোয়েব আহমেদের বক্তব্যের সূত্রে তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সংক্রান্ত তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে তাঁর সম্পর্কে স্থান পাওয়া অন্যান্য তথ্য তদন্তকারী সংস্থা সিআইডি, সরকারী কৌঁশলিকে (পিপি) উদ্ধৃত করে উপস্থাপন করা হয়। আদালতে দেওয়া তদন্ত অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদনে সিআইডি শিল্প মন্ত্রণালয়ের তখনকার একাধিক শীর্ষ ব্যক্তিকে জিজ্ঞাসাবদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। এছাড়া প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পিপি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, সিইউএফএলের দুই কর্মকর্তা, সাবেক শিল্পসচিব ও বিসিআইসির চেয়ারম্যানের জবানবন্দি পর্যালোচনা করে বোঝা যায়, নিজামী ও নুুরুল আমিন (অতিরিক্তি শিল্প সচিব) অস্ত্রের চালান আসার বিষয়টি আগে থেকে জানতেন। তাই দুজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।’