জামায়াতের প্রার্থী পলাতক, বিএনপির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্ক-গুজব আর ভীতিকর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে। আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন আসাদুজ্জামান (বাবু)। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাতটি মামলার আসামি জামায়াত-সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান পলাতক রয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রউফ কারাগারে রয়েছেন। আরেক প্রার্থী (স্বতন্ত্র) শেখ মনিরুজ্জামান আগে থেকে মাঠে নেই।
এই অবস্থায় আসাদুজ্জামান ও তাঁর অনুসারীরা প্রায় এককভাবেই নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। আবদুর রউফের ভাই পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান ভাইয়ের পক্ষে এত দিন প্রচারণার নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁকে গত শুক্রবার সন্ধ্যায় প্রচারণার সময় গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান পলাতক অবস্থায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার ভোমরা এলাকায় একটি সভা শেষে সরকারের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন বলে সাতক্ষীরা সদরে খবর ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি অস্বীকার করেছেন। হাবিবুর রহমানের ভাই নজিবুর রহমান এ বিষয়ে কোনো খবর পাননি বলে প্রথম আলোকে জানিয়েছেন।
হাবিবুর রহমানের ভাই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাইয়ের বিপক্ষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রতিদিনই প্রচারণায় অংশ নিচ্ছেন। ভাই সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।
১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা সদর উপজেলার ভোটার সংখ্যা তিন লাখ ১৩ হাজার ৩৭৯ জন। ৩১ মার্চ উপজেলার ভোট ১৩১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা সদর উপজেলায় জামায়াতের শক্তিশালী ভিত রয়েছে। ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াত প্রার্থী নির্বাচিত হন। ১৯৮৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর জেলায় জামায়াত ব্যাপক সহিংসতা চালায়। দিনের পর দিন সড়কের ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে সাতক্ষীরা অবরোধ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, এসব ঘটনার নেতৃত্ব দেন সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতের সদর পূর্ব শাখার আমীর হাবিবুর রহমান। গত ১৫ ডিসেম্বর যৌথ বাহিনীর অভিযান শুরুর পর থেকে হাবিবুর রহমান আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন।
জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, তাঁদের নেতা-কর্মীদের আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। পুরুষ কর্মীদের মাঠে কাজ করার মতো পরিবেশ নেই। মহিলা কর্মীরা কাজ করছেন। গতকাল শনিবার প্রচার শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শাখার নায়েবে আমির মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় প্রচারণা রয়েছে, তাঁকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে।
বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী বলেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, তত তাঁদের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অনেকের খোঁজখবর নেওয়া হচ্ছে। সব কয়টি মামলায় জামিন থাকার পরও চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফের ভাই হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, তাঁরা সব ভেদাভেদ ভুলে তাঁদের প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাঁদের পক্ষ থেকে কাউকে ভয়ভীতি দেখানোর প্রশ্ন ওঠে না। তিনি অভিযোগ করেন, জামায়াত-অধ্যুষিত আবাদের হাটখোলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্সেদের নির্বাচনী পথসভায় জামায়াত-শিবির হাতবোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, জামায়াত নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বিএনপির নেতা হবিবুর রহমান দুটি মামলার সন্দেহভাজন আসামি। এ জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের সঙ্গে এসব গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।
সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহসিন আলী বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। কোনো প্রার্থীর কাছ থেকে তাঁরা কোনো অভিযোগ পাননি।