জামায়াতের প্রার্থীকে সমর্থন বিএনপিতে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আন্দোলন ও দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিলেন কয়রা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্রও জমা দিয়েছেন দলটির নেতারা। কিন্তু শেষ পর্যন্ত ১৯-দলীয় জোটনেতাদের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে বিএনপির দুজন প্রার্থীকে।
বিএনপি সূত্র জানায়, এই উপজেলায় বর্তমানে জামায়াতের তুলনায় বিএনপির অবস্থানও যথেষ্ট ভালো। এর পরও নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ।
সূত্র জানায়, জোটের সমর্থন পাওয়ার পর জামায়াতের নেতা-কর্মীরা বিএনপিকে এড়িয়ে চলছে। তাঁরা কেউই বিএনপির নেতাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা করছেন না।
উপজেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত পাঁচ বছরে কোনো আন্দোলন-সংগ্রামে এ উপজেলায় যাদের ছায়া পর্যন্ত দেখা যায়নি, তারাই শেষ পর্যন্ত জোটের সমর্থন পেয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবদুল রশিদ এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ‘দলীয় প্রার্থী হিসেবে স্থানীয় সব নেতা-কর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছে। তবে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করতে দলের অনেক নেতা-কর্মীর মধ্যে উদাসীনতা লক্ষ করা যাচ্ছিল। এর সমাধানে খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম আসায় অনেকটা সমাধান হয়েছে।’
কয়রা উপজেলা বিএনপির সভাপতি মোমরেজুল ইসলাম ও সহসভাপতি সরদার মতিয়ার রহমান চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু জোট থেকে জামায়াতের নেতাকে সমর্থন দেওয়ায় তাঁরা দুজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মোমরেজুল ইসলাম বলেন, দলের বেশির ভাগ নেতা-কর্মী হতাশ হয়েছেন। দলের বৃহত্তর স্বার্থ প্রাধান্য দিতে জোটসমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তাঁদের বোঝানো হচ্ছে।
১৯-দলীয় জোটসমর্থিত প্রার্থী খুলনা দক্ষিণ জেলা আমির আ খ ম তমিজ উদ্দীন বলেন, ‘জোটের সবাই আমার সঙ্গে কাজ করতেছে। সরকার যদি কোনো কারচুপি না করে তবে আমি বিজয়ী হব।’