জামায়াতের বিক্ষোভ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম দাবি করেছেন, জামায়াতের কোনো নেতাই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। কেউই মুক্তিযুদ্ধে হত্যা, খুন, ধর্ষণ বা লুট করেননি। এমনকি জামায়াতের কোনো নেতাই রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর কমান্ডার বা সদস্যও ছিলেন না। তবে রাজনৈতিক কারণে জামায়াত ঐক্যবদ্ধ পাকিস্তান চেয়েছিল। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলন থেকে আজাহারুল ইসলাম দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও ৩০ জুলাই দোয়া অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪, ৫ ও ৬ আগস্ট সমাবেশ ও গণসংযোগ এবং ৮ ও ১০ আগস্ট মিছিল ও সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেলারেল অধ্যাপক মুজিবুর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, ঢাকা মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রমুখ। আজাহারুল ইসলাম বলেন, এ কথা সত্যি যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রযোজ্য ছিল না। কিন্তু জামায়াতের কোনো লোকই ওই চারটি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। ১৯৭১-এর সংগ্রাম পত্রিকার তথ্যকেও অসত্য দাবি করে আজাহারুল ইসলাম বলেন, একটি মহল পুরোনো পত্রিকার কাটিং এবং গল্পের বইয়ের মাধ্যমে ইচ্ছেমতো জামায়াতকে দায়ী করে বিচার করতে চায়। কিন্তু পুরোনো পত্রিকার বানোয়াট তথ্য আদালতে গ্রহণযোগ্য হতে পারে না। এটা কোনো দলিল হতে পারে না।