জামায়াতের বিচার নিয়ে অস্থিরতার কী আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অস্থির না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামায়াত নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এত হইচই ও অস্থিরতার কী আছে? আমার ওপর ভরসা রাখুন।’
গতকাল শনিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী প্রায় সোয়া ঘণ্টা লিখিত বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি জাপান সফরের অর্জন, ভারতের সঙ্গে সম্পর্ক, আসন্ন চীন সফর, বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টে সোনা না থাকা, র্যাব বিলুপ্তির প্রসঙ্গ, নারায়ণগঞ্জ ও ফেনীর নৃশংস ঘটনাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন।
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন দিলে খুনি ও দুর্নীতিবাজেরাই লাভবান হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
জামায়াতের বিচার না করা এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও নাদিম কাদির৷ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি এবং তা শেষ করব। কাদের মোল্লার ফাঁসি যাতে কার্যকর না হয়, সে জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অনেকেই ফোন করেছিলেন। এ দেশে আর কে আছে, এসব ফোনের পর ফাঁসি কার্যকর করতে পারে? বঙ্গবন্ধুর কন্যাই এটা পারে৷ জীবনের প্রতি মায়া রেখে রাজনীতি করি না, দেশের জন্যই রাজনীতি করি।’
জামায়াতের বিচা র প্রসঙ্গে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যকে সঠিক বলে উল্লেখ করেন শেখ হাসিনা৷ গত বৃহস্পতিবার আইনমন্ত্রী বলেছিলেন, জামায়াতের নিবন্ধনের বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন আছে। সেটির রায় না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল আইনে কোনো রায় হলে তা ওই মামলায় প্রভাব ফেলবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গতকাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী এ বক্তব্য দেওয়ার জন্য আইনমন্ত্রীই দায়ী৷ কারণ, প্রধানমন্ত্রী আইনজ্ঞ নন৷ আইনমন্ত্রী হয় বিষয়টি সম্পর্কে জানেন না অথবা তিনি জেনেও প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেননি।
শাহরিয়ার কবির বলেন, ‘আইনমন্ত্রীর এ ধরনের বক্তব্যে আমরা হতাশ ও ক্ষুব্ধ। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ২২ বছর ধরে জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার সঙ্গে আছেন। তিনি বিষয়টি ভালো জানেন ও বোঝেন।’
ক্রেস্টে জালিয়াতি প্রসঙ্গ: সাংবাদিক মুন্নী সাহা মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টের সোনা জালিয়াতির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়াকে প্রশ্নবিদ্ধ করতেই হঠাৎ কিছু লোক এটাকে ইস্যু করেছে। হইচই করার উদ্দেশ্যটা আমরা জানি৷ জামায়াত যেমন আমাদের স্বাধীনতাকে সমর্থন করে না, এটাও তেমন একটা বিষয়৷’ তিনি মন্তব্য করেন, ‘দেশে একটি কথা প্রচলিত আছে যে, মায়ের গয়না বানালেও স্বর্ণকার সেখান থেকে একটু সোনা চুরি করে।’ তিনি বলেন, ‘বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টে সোনা কতটুকু ছিল, সেটা বড় কথা নয়। ওনাদের এনেিছ এবং সম্মান দিয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এটা নিয়ে হইচই করে নিজেদের সম্মান খোয়াবেন না৷ নিজেদের চোর হিসেবে সাব্যস্ত করবেন না৷’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, যুক্তি যেভাবেই দেওয়া হোক, প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল, যা তাঁর সরকারের ঘোষিত নীতির পরিপন্থী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সহযাত্রীদের সম্মাননা দেওয়ার সঙ্গে জাতীয় আবেগ জড়িত। এখন যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে, তাঁদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। একই সঙ্গে যাঁরা অপরাধী, তাঁদের বিচার করলে সরকারের দায়মুক্তির সম্ভাবনা বাড়বে।
সরকারের বৈধতা প্রসঙ্গ: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদের কি বৈধতা ছিল? পঁচাত্তরের পর খুনি মোশতাকের হাত ধরে সেনাপ্রধান হলেন জিয়াউর রহমান। এরপর একদিন রাষ্ট্রপতি সায়েমকে গিয়ে জিয়াউর রহমান বললেন, তিনিই রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সেনাপ্রধান হতে পারেন না। কিন্তু সংবিধান লঙ্ঘন করে জিয়াউর রহমান তা-ও হলেন। এরপর তিনি ‘জাগো দল’ করলেন, ১৯ দফা বাস্তবায়ন কমিটি করলেন। শেষ পর্যন্ত করলেন ‘বিএনপি’। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, এভাবে সংবিধান ও ক্ষমতা দখল করে যে দলের জন্ম, তারা এ সরকারকে অবৈধ বলে কোন মুখে?
গত ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করে বিএনপি সামরিক শাসন আনতে চেয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। উন্নত অনেক দেশে তো ভোটার হওয়ার যোগ্যদের অর্ধেক ভোটার হয়।
নিজ দলে শৃঙ্খলা থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একক প্রার্থী দেওয়া এ কারণেই সম্ভব হয়েছিল। জ্ঞানী-গুণীদের অনেকেই এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি পাল্টা প্রশ্ন রাখেন, এসব জ্ঞানী-গুণী নির্বাচনে অংশ নেননি কেন? গত নির্বাচনে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ ছিল বলে মন্তব্য করেন তিনি৷
মধ্যবর্তী নির্বাচন: প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েই নির্বাচনে অংশ নেয়নি। এ ভুলের খেসারত ওই দলকেই দিতে হবে। এর দায় জাতি নিতে পারে না। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আছে কি না—সাংবাদিক জ. ই. মামুনের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পাল্টা জানতে চান, ‘আপনারা কি মধ্যবর্তী নির্বাচন চান? আপনারা চাইলে নির্বাচন দিয়ে দেব। কিন্তু তাতে কার লাভ হবে? আবার মানুষ পুড়িয়ে মারা হবে। শুরু হবে জ্বালাও-পোড়াও।’ তিনি বলেন, তাঁর মতো আন্তরিকতা নিয়ে কেউ কাজ করবে না।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, আজ রোববার দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের জবাব দেওয়া হবে৷
ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ভারতের বিভিন্ন দলের পাঁচজন প্রধানমন্ত্রীর

সঙ্গে সুসম্পর্ক রেখে দেশ পরিচালনা করেছে। এ সময় গঙ্গার পানি, টিপাইমুখ বাঁধ, সীমানা নির্ধারণ, ছিটমহলসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে৷ অনেকগুলো বিষয়ে সমাধানও মিলেছে। কিন্তু বিএনপি তিন মেয়াদ ক্ষমতায় থেকে, এরশাদ নয় বছর শাসন করে সীমানা নির্ধারণের চিন্তাও করেননি।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া তো একবার প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে গঙ্গার পানির হিস্যার কথা তুলতেই ভুলে গিয়েছিলেন।
বিএনপিকে তাজা রাখার চেষ্টা: সরকার পচে গেছে এবং আরও পচলে কর্মসূচি দেওয়া হবে—খালেদা জিয়ার এমন বক্তব্য সম্পর্কে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন না করে পচে যাচ্ছেন৷ আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি।’
নারায়ণগঞ্জ ও ফেনী প্রসঙ্গ: নারায়ণগঞ্জে সাত খুনের বিষয়ে আদালতের হস্তক্ষেপে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, র্যাবের তিন কর্মকর্তাকে আদালত গ্রেপ্তারের নির্দেশ কেন দিল, এটা তাঁর বোধগম্য নয়। জজ সাহেবদের কাছে তথ্য-প্রমাণ চাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেঞ্চই এখন ব্যবস্থা নিক। তিনি বলেন, তিন কর্মকর্তাকে বরখাস্ত করে যখন সুষ্ঠুভাবে তদন্ত চলছিল, তখন হাইকোর্টের একটি বেঞ্চের এমন নির্দেশ সমস্যা সৃষ্টি করেছে। এ কথা বলায় আদালত অবমাননা হতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্ত নূর হোসেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এরশাদের সময় সে জাতীয় পার্টি করত। এরপর বিএনপি করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে আওয়ামী লীগে ভিড়ে। কিছু লোক আছে, যারা সব সময় সরকারি দলে যুক্ত হয় অপকর্ম করে রেহাই পাওয়ার চিন্তা নিয়ে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, স্পষ্টতই নূর হোসেনের অতীত ইতিহাস জেনেই তাঁকে আওয়ামী লীগে নেওয়া হয়েছে। এ ধরনের নূর হোসেন শুধু একজন নন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে এমনকি সরকারি দলের মনোনয়ন নিয়ে তাঁদের নির্বাচিত হওয়ার নজির রয়েছে। তিনি আরও বলেন, সর্বোচ্চ ব্যক্তির পৃষ্ঠপোষকতায় না হলেও জ্ঞাতসারে এসব ব্যক্তি দলে ঠাঁই পান। এটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের আরেক চিত্র৷
সাংসদ শামীম ওসমান নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করেছেন এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি পত্রিকায় যতটুকু দেখেছেন তাতে শামীম ওসমান তাকে আত্মসমর্পণ করতে বলেছিল। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা বিএনপির সময়ে ঘটলে তারা কোনো ব্যবস্থা নিত না। কিন্তু আমরা নিচ্ছি। দায়ী কাউকে ছাড়া হবে না।’
ফেনীতে একরামুল হক হত্যাকাণ্ড প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির নেতা জড়িত। আওয়ামী লীগেরও কেউ কেউ জড়িত। কাউকে ছাড় দেওয়া হবে না।
র্যাব প্রসঙ্গ: র্যাব বিলুপ্ত করার বিষয়ে খালেদা জিয়ার দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক কাদির কল্লোল৷ জবাবে প্রধানমন্ত্রী বলেন, র্যাব এখন বাস্তবতা। রক্ষীবাহিনীকে কথায় কথায় গালি দিয়ে ২০০৪ সালে র্যাব গঠন করেছিলেন তিনি। গঠনের প্রথম দুই বছরে র্যাব এক হাজার মানুষ হত্যা করেছে। তখন র্যাবের প্রশংসা হয়েছে।
প্রধানমন্ত্রীর মতে, এখন চট করে র্যাব বিলুপ্ত করা সম্ভব নয়৷ র্যাব কিছু ভালো কাজও করেছে। তবে র্যাবের কেউ অপরাধ করলে তো ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
জাপান সফর প্রসঙ্গ: জাপান সফর সফল হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশটি আগামী চার-পাঁচ বছরে ছয় বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে এ অর্থ খরচ করা হবে। এ লক্ষ্যে জাপানি অর্থনৈতিক সমীক্ষা দল শিগগির বাংলাদেশ সফর করবে।
প্রধানমন্ত্রী জাপান সফরকালে সে দেশের সহায়তার আশ্বাস, ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ও আতিথেয়তার প্রশংসা করেন। জাপানের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বন্ধুত্বের প্রতীক হিসেবে জাপানকে এক জোড়া বেঙ্গল টাইগার পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার কথা জানান।
৬ জুন চীন সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সফরেও কাঙ্ক্ষিত সফলতা আসবে৷
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও মন্ত্রিপরিষদের বর্তমান ও সাবেক সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন৷