একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচার করতে শিগগিরই আইন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বেলা একটায় ১০ তলাবিশিষ্ট ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বেলা পৌনে তিনটায় জেলা জজ আদালত ভবন চত্বরে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘জামায়াত কবে নিষিদ্ধ হবে, তা আমি জানি না। তবে জামায়াতের বিচার করার জন্য আইন হচ্ছে। শিগগিরই এ-সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করা হবে।’ আনিসুল হক আরও বলেন, ‘বিচারহীনতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে মুক্তি দিয়েছেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যুদ্ধাপরাধের বিচার করা আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম উদাহরণ। এখন কেউ বিচারহীনতায় ভুগবে না। আমরা চাই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাক। আইনজীবী ও বিচারকেরা সেই চেষ্টায় থাকবেন।’
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, পঙ্কজ নাথ, শেখ মো. টিপু সুলতান, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছউদ্দিন আহম্মেদ শহীদ প্রমুখ।
এদিকে মুখ্য মহানগর হাকিম আদালত ভবনটি নির্মাণের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে, সেটি পাশের সেন্ট পিটার্স চার্চের সম্পত্তি বলে দাবি করেছে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়। তারা বলছে, ওই স্থানে প্রায় ৫২ শতাংশ জমি নিয়ে একটি পুকুর ছিল। পুকুরটি ওই চার্চের সম্পত্তি। কিন্তু গত বছর সেটি ভরাট করে জেলা আইনজীবী সমিতি। দুই দিন ধরে আন্দোলন কর্মসূচি করে খ্রিষ্টান সম্প্রদায়। গত রোববার প্রায় এক হাজার নারী-পুরুষ বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জমায়েত হয়ে গণ-অনশন কর্মসূচি পালন করে। গতকাল নগরের বিভিন্ন গির্জায় কালো পতাকা উত্তোলন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছউদ্দিন আহম্মেদ শহীদ প্রথম আলোকে বলেন, এ সম্পত্তি জেলা ও দায়রা জজ আদালতের। তাই সরকার সেখানে ভবন করছে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকালের আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় প্রথম আলোকে বলেন, ‘জমি নিয়ে একটা বিরোধের কথা আমি শুনেছি। তবে সে ধরনের বিরোধ থাকলে তা মিটমাট করা হবে।’