জামায়াতের বিবৃতিবাজি!
ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ‘শফিকুর রহমানের গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি করেছেন সিলেট বিভাগের ১০৯ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’ শিরোনামে গত সোমবার রাতে সংবাদমাধ্যমে ই-মেইলে একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে সিলেট বিভাগের ১০৯ জন জনপ্রতিনিধির নাম ব্যবহার করা হয়। গতকাল মঙ্গলবার প্রথম আলোর পক্ষ থেকে ওই বিবৃতি প্রদানকারী জনপ্রতিনিধিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তাঁদের অধিকাংশই অভিযোগ করেন, না জানিয়েই বিবৃতিতে তাঁদের নাম ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, বিবৃতিটি একধরনের প্রতারণা। জামায়াতের নেতা শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সিলেটে। কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ার আগে তিনি সিলেট মহানগর জামায়াতের আমির ছিলেন। তাঁর মুক্তির দাবিতে ১৩ ও ১৯ ডিসেম্বর সিলেট বিভাগে হরতাল পালন করা হয়। ১০৯ জন জনপ্রতিনিধির নামে বিবৃতি পাঠিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলাইমান হুসেন, সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউপির সুফি আলম ও হবিগঞ্জের বানিয়াচং ইউপির চেয়ারম্যান হাবীবুর রহমান। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, জাতীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব শফিকুর রহমানকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, ভিত্তিহীন মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে বন্দী রাখা হয়েছে। আমরা সরকারের অন্যায় আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’ সিলেট বিভাগের চার জেলার ১০৯ জন ইউপি চেয়ারম্যানের নামে বিবৃতি পাঠানো হলেও তাতে একজন পৌরসভার মেয়র ও একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের নামও রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫২ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ২৩ জন, মৌলভীবাজারের ২১ জনসহ কুলাউড়রা পৌরসভার মেয়র, জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যন রয়েছেন। জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বিবৃতিদাতা ১০৯ জন জনপ্রতিনিধির মধ্যে সিলেটের সাতজন, সুনামগঞ্জের তিনজন, হবিগঞ্জের চারজন সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বাকি ৯৫ জনের মধ্যে ৬৫ জন সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অবশিষ্ট ২৫ জনের মধ্যে কেউ আওয়ামী লীগ ও জাতীয়পার্টি সমর্থন করেন, কেউ কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। সিলেটের ফেঞ্চুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আপনি বলার পর আমি জানলাম। আমার অজান্তেই এটা করা হয়েছে।’ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির চেয়ারম্যান আলকাছ আলী বলেন, ‘আমি তো জাতীয় পার্টি করি। জামায়াতের নেতার মুক্তির দাবিতে বিবৃতি দেব কেন?’ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইউপি চেয়ারম্যানদের ১৮ দলীয় জোটের মাধ্যমে নাম দেওয়া হয়েছে। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান আলী আমজদ বলেন, ‘আমি বিএনপি করি বইলা ছাতকের একজন চেয়ারম্যান ফোন করেছিলেন। একটি বিবৃতি দেওয়ার কথা বললে আমি বলেছিলাম, আমার কোনো সমস্যা না হলে দিয়া দেন। কিন্তু এই বিবৃতি যে জামায়াতের পক্ষের, আমাকে ওই সময় জানানো হয়নি।’