জামায়াত-শিবিরের বিরুদ্ধে আবারও ধরপাকড় শুরু করেছে পুলিশ। গত সোমবার গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার পরই পুলিশ এ অবস্থানে যায়।
দেশের পাঁচটি জেলায় সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত জামায়াত-শিবিরের ২৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে যশোরে জামায়াতের এক কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেসুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার জেলায় আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত।
ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: যশোর কোতোয়ালি থানার এসআই জহিরুল আলমের ভাষ্যমতে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় জামায়াত-শিবিরের একটি দল গোপন বৈঠক করছে—এমন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বোমার স্প্লিন্টারে কনস্টেবল নাসিমুজ্জামান আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাঁচটি গুলি ছোড়ে। এর একটি গুলি জামায়াত কর্মী মোছাইদ হোসেনের (৩০) পায়ে লাগে। ঘটনাস্থল থেকে মোছাইদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ মোছাইদকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ইদ্রিস আলী দাবি করেন, ঝুমঝুমপুরে দলের কোনো গোপন বৈঠক ছিল না।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান গতকাল সকালে রাজশাহীতে শপথ অনুষ্ঠানে যাওয়ার সময় গ্রেপ্তার হন। এর প্রতিবাদে দুপুরে বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। পরে মিছিলকারীরা শিবতলা মোড়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে।
জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম জানান, মোখলেসুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় হরতাল পালন করা হবে। সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, মোখলেসুর রহমানের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
নাটোর: জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরণের অভিযোগ এনে জেলা জামায়াতের আমির ইউনূস আলীসহ ২৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সদর থানার এসআই নূর-ই আলম বাদী হয়ে সোমবার রাতে মামলা দুটি দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শিবিরের জেলা সেক্রেটারি আবু তালেব, চকরামপুর মহল্লা জামায়াতের সভাপতি ওমর আলী, হরিশপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহ আলমসহ ১০ জনকে গ্রেপ্তার করে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা, হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বগুড়া: বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সোমবার রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেরপুরে উপজেলা জামায়াতের নেতা আলতাব হোসেন (৬০) ও ইউনিয়ন জামায়াতের নেতা এনামুল হকসহ (৫০) চারজন গ্রেপ্তার হয়েছেন। দুপচাঁচিয়ায় গ্রেপ্তার হন জামায়াতের নেতা নাসির উদ্দিন খোকন।