জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দ্রুত দাখিলের চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত দাখিলের চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপক্ষ এ কথা জানায়।
বেলা দেড়টার দিকে পুরাতন হাইকোর্ট ভবনে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর কাছে জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত কর্মকর্তা মতিউর রহমান। পরে ওই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান কৌঁসুলি বলেন, বিশ্বে দ্বিতীয়বারের মতো গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো সংগঠনের বিচার হতে যাচ্ছে। এ বিচার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।
গোলাম আরিফ বলেন, তুরিন আফরোজের নেতৃত্বে কৌঁসুলিদের সাত সদস্যের একটি দল তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করবে। এরপর সেটি ট্রাইব্যুনালে বিচারের জন্য দাখিল করা হবে।
কত দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে—এ প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, ‘সেটা এ মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা মাত্র প্রতিবেদন হাতে পেয়েছি। তবে দ্রুত অভিযোগ দাখিলের চেষ্টা করা হবে।’ জামায়াতের কী শাস্তি চাওয়া হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটাও এখন বলা যাচ্ছে না। যাচাই-বাছাইয়ের পর বলা যাবে আমরা জামায়াতকে নিষিদ্ধ চাইব, না কি সম্পদ বাজেয়াপ্ত করা বা অন্য কিছু চাইব।’
তুরিন আফরোজ বলেন, ‘এখানে একটি সংগঠনের বিচার করা হবে, যাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন ভঙ্গসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। সংগঠনটি রাজনৈতিক দল কি না, তা এখানে বিবেচ্য নয়। এর আগে ন্যুরেমবার্গ ট্রায়ালে এসব অপরাধের জন্য সংগঠনের বিচারের দৃষ্টান্ত রয়েছে।’
রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, ৩৭৩ পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনসহ নয় হাজার ৫৫৭ পৃষ্ঠার নথিপত্র তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষের কাছে দাখিল করেছে। এর পাশাপাশি রাষ্ট্রপক্ষ ইতিমধ্যে বিশ্বের নানা আদালতের ৩৮টি রায় পর্যবেক্ষণ করেছে, আরও করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ, এ কে এম সাইফুল ইসলাম, তাপস কান্তি বল, রেজিয়া সুলতানা প্রমুখ।
গত বছরের ১৮ আগস্ট জামায়াতের বিরুদ্ধে শুরু হওয়া তদন্ত গত মঙ্গলবার শেষ করে তদন্ত সংস্থা। ওই দিন সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থা বলে, তদন্তে প্রাথমিকভাবে জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলোকে একাত্তরের নৃশংসতার জন্য অভিযুক্ত করা হয়েছে। এ জন্য তারা সংগঠনটির সম্পদ বাজেয়াপ্তসহ কার্যক্রম নিষিদ্ধ ও অবলুপ্তি চায়।
তদন্ত সংস্থা জানায়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাতটি ধারায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, জেনেভা কনভেনশন ভঙ্গ ও আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ এবং এ ধরনের অপরাধে সংশ্লিষ্টতা, সহযোগিতা ও ষড়যন্ত্রের অভিযোগ। তদন্ত প্রতিবেদনে একাত্তরে জামায়াতের (হাইকমান্ড) পাশাপাশি দলটির তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ (বর্তমানে ছাত্রশিবির), শান্তি কমিটি (লিয়াজোঁ), রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী (অপারেশনস) এবং মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার (প্রপাগান্ডা) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াতের সহিংস আদর্শিক রাজনীতি ও একাত্তরের ভূমিকার পাশাপাশি বর্তমানে সংগঠনটির সন্ত্রাসী কার্যকলাপ এবং শতাধিক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের সময় রাখা হয়েছে একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।