জামায়াতের বিরুদ্ধে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল শুক্রবার জামায়াতের বিরুদ্ধে ফাঁকা গুলি ছুড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
টানা অবরোধ ও হরতালের পর পৌর শহরের ব্যবসায়ীরা দোকান খুললেও এ ঘটনায় আতঙ্কে দোকান বন্ধ করে চলে যান তাঁরা।
অনেকে অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ দিক থেকে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে করে জামায়াতের কর্মী ও সমর্থকেরা আসেন।
তাঁরা পৌর শহরের ফলপট্টির সামনে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার নির্দেশ দেন। এ সময় তাঁরা ‘ধর ধর আওয়ামী লীগ, ধরে ধরে জবাই কর’ বলে স্লোগান দিতে থাকেন। এরপর দুটি মোটরসাইকেলের মাঝখানে বসা দুজন পিস্তল বের করে পর পর চারটি ফাঁকা গুলি ছোড়েন ও একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় আতঙ্কে অনেকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশ আসার আগেই তাঁরা সটকে পড়েন।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সাংসদ হাবিবর রহমান জানান, এ ধরনের ‘ত্রাস’ মুক্তিযুদ্ধকালীন সময়েও ঘটেনি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো নেতা-কর্মী জড়িত নন।