জামায়াতের বিরুদ্ধে রিটের শুনানি শিগগির শুরু: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হাইকোর্টে বিচারাধীন থাকা রিট আবেদনটির শুনানি শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।গতকাল শনিবার রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আইনগত ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জামায়াত রাজনৈতিক দল হিসেবে যেন কার্যকারিতা বজায় রাখতে না পারে, সে জন্য একটি রিট আবেদন সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে। শিগগিরই রিট আবেদনের ওপর শুনানি শুরু হবে। ২৬ মার্চের আগেই তা শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। মন্ত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কোনো অবস্থাতেই সাংবাদিকদের ওপর হামলা ও জনগণের সম্পত্তি নষ্ট করার অধিকার নেই। যেসব দল এসব কাজ করছে, আইন ও সংবিধান অনুযায়ী তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়া বা নিবন্ধিত পর্যায়ে থাকার কোনো অধিকার নেই। এর আগে সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক আহমেদ বলেন, ভূমি নিবন্ধন বিভাগ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। অভ্যন্তরীণ রাজস্ব সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমি নিবন্ধন খাতের ভূমিকা অনস্বীকার্য। তিনি অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে যত্নবান হওয়ার পাশাপাশি জনগণ যাতে সেবাবঞ্চিত না হয় ও দিনের পর দিন ধরনা না দিতে হয়, সেদিকে লক্ষ রাখতে নিবন্ধন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সরাফত আলী খানের সভাপতিত্বে সভায় আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান ও সংগঠনের মহাসচিব মো. মাহফুজুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।