জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ বুধবার জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত পাঁচজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুত্ করিডোর প্রদান ও তিস্তাসহ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের সাগরপাড়া মোড় থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। তবে মিছিলে শুধু স্লোগান দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে। মিছিলে স্লোগানের ভাষা ছিল, ‘কে বলেছে রাজাকার, সাঈদী মোদের অহংকার’, ‘সাঈদীর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’। মিছিলটি নগরের বেলদারপাড়া মোড়ে গিয়ে পথসভা করে।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভুইয়া বলেন, পুলিশ বেলদারপাড়া মোড়ে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ কয়েকটি রাবারের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমার স্প্লিন্টারে একুশে টেলিভিশনের একজন ক্যামেরা পারসন সামান্য আহত হন। এ ছাড়া পুলিশের রাবার বুলেটে জামায়াত-শিবিরের চার কর্মী আহত হন।