জামায়াতের মিছিল থেকে সাংবাদিকের বাসায় হামলা
নীলফামারী শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে জনকণ্ঠর স্থানীয় সংবাদদাতা তাহমিনুল হকের বাসভবনে হামলার ঘটনায় গত বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত মঙ্গলবার ওই সাংবাদিকের বাড়িতে হামলা হয়।এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেল চারটায় সারা দেশের মতো নীলফামারী স্বাধীনতা অম্লান চত্বরের গণজাগরণ মঞ্চের সামনে তিন মিনিট নীরবতা পালন কর্মসূচি চলছিল। এ সময় জামায়াত-শিবিরের একটি মিছিল আনন্দবাবুর পুল এলাকা দিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে কালীবাড়ি মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পাশের সবুজপাড়া এলাকায় অবস্থিত তাহমিনুল হকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে জামায়াত-শিবিরের লোকজন। তখন বিক্ষুব্ধ জনতা ধাওয়া করলে তারা পিছু হটে।এ ব্যাপারে তাহমিনুল হক বলেন, ‘আমি গণজাগরণ মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পালন করি। তাই জামায়াত-শিবিরের কর্মীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেঞ্চদ বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।