বাংলাদেশের নিরাপত্তার জন্য যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। ‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই দাবি জানান। সাপ্তাহিক কাগজ ও সুচিন্তা ফাউন্ডেশন গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে।ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘সরকার যদি মনে করে, জামায়াতকে কোনো রকমের ছাড় দিয়ে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, তাহলে সেটা হবে বড় ভুল। জামায়াতের ব্যাপারে তাই আওয়ামী লীগকে শক্ত অবস্থানে যেতে হবে। বাংলাদেশ প্রতিষ্ঠার সময় থেকেই এ দেশের বিরোধিতা করেছে জামায়াত। এখনো দলটি অবস্থান বদলায়নি। বাংলাদেশে জামায়াতের প্রধান মিত্র বিএনপি। আন্তর্জাতিক অঙ্গনে প্রধান মিত্র আইএসআই, পাকিস্তান। সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রও জামায়াতকে পৃষ্ঠপোষকতা করে।’প্রধানমন্ত্রীর শরিয়া আইনের বিচারের বক্তব্যের সমালোচনা করে এটিএন নিউজের প্রধান নির্বাহী আবেদ খান বলেন, এখন প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ উচ্চারণের সময় সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সব ত্যাগ করে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আওয়ামী লীগের পাশে থাকে কেবল বঙ্গবন্ধুর স্বপ্নকে রক্ষার জন্য।সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আজকে ১৮ দলের সহযোগিতায় জামায়াত-শিবির যে নৈরাজ্য চালাচ্ছে, তা প্রতিহত করতে হবে।’ পাকিস্তানের উদাহরণ দিয়ে নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, ‘ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করলে সেই দেশটিই শেষ হয়ে যাবে। কাজেই আমরা কী চাই, তরুণদের তা বোঝাতে হবে।’মেজর জেনারেল (অব.) আমিন আহম্মেদ চৌধুরী বলেন, ‘বাহাত্তরের সংবিধানে আমাদের ফিরে যেতেই হবে। তা না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধই বৃথা। অনেকেই বলেন, বাহাত্তরের সংবিধানে ফেরা কঠিন। কিন্তু সরকার যদি নির্বাচন আর ক্ষমতার রাজনীতির দিকে না তাকায়, তাহলে অবশ্যই সেটি সম্ভব। মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, ‘কেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই চেতনা নতুন প্রজন্মকে জানাতে হবে। সেটি বুঝতে পারলেই তারা সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকবে।’বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াই জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। তিনি আইএসআইয়ের এজেন্ট।’ সংস্কৃতিকর্মী হাসান আরিফ বলেন, ‘সামনে সরকারের যে ৪০০ দিন আছে, সেটি হবে যুদ্ধের। আর এই যুদ্ধ হবে সাম্প্রদায়িক শক্তি ও অসাম্প্রদায়িক শক্তির সঙ্গে। তাই জামায়াত-শিবিরের সঙ্গে আমাদের যুদ্ধ করে বিজয়ী হতে হবে।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলর হেলাল মোর্শেদ, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাত, সাপ্তাহিক কাগজ-এর সম্পাদক জব্বার হোসেন, অভিনেত্রী শম্পা রেজা প্রমুখ।