দেশের সব বোমা হামলা ও সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এ জন্য দেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা।গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে ‘জামায়াতের জঙ্গি সম্পৃক্তি এবং যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।সভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রামুর ঘটনা বলে দিচ্ছে, বাংলাদেশের বিপদ এখনো কাটেনি। জামায়াতি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দিতে না পারলে এ বিপদ কাটবে না। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারের একটি ফল দেখতে চাই।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির। আরও বক্তব্য দেন কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংবাদিক কামাল লোহানী, সহসভাপতি মুনতাসীর মামুন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।