পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, কোনোভাবেই জামায়াতে ইসলামীর রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত। এতে কোনো ধরনের বিদেশি চাপ নেই। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলায় কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিন দিনের সফরে গত সোমবার চাঁদপুর পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল হাইমচরে কয়েকটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠান এবং নারী সমাবেশে বক্তব্য দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পরিবর্তিত পেক্ষাপটে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। তিনি এই অপশক্তিকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ’৭১ সালে এ অপশক্তি যে কায়দায় মানুষের ওপর নির্যাতন চালিয়েছিল, ২০০১ সালের পরও তারা বিএনপির ছত্রচ্ছায়ায় একই কায়দায় নির্যাতন চালিয়েছে।