জামায়াতের রাজনীতি নিষিদ্ধে আইন আনার প্রস্তাব মুক্তিযুদ্ধমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের জন্য জাতীয় সংসদে দ্রুত আইন আনার প্রস্তাব করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী দল। তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের নিষিদ্ধ করা ছাড়া উপায় নেই। আইনমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন যে এই অধিবেশনে জামায়াত নিষিদ্ধ করার জন্য আইন আসবে। আমি আশা করব, দ্রুতই সেই আইন সংসদে উত্থাপিত হবে।’

শর্ত পূরণ না করায় এরই মধ্যে হাইকোর্টের আদেশে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে যায়। ফলে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়ে দলটি। ওই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল বিভাগে গেলেও এখনো শুনানি শুরু হয়নি।

আইনমন্ত্রী আনিসুল হক গত মাসে সাংবাদিকদের জানান, আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ বছরের মধ্যেই বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে।

সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন উৎসব ভাতার জন্য বরাদ্দের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আজ দেশ স্বাধীন হতো না। আমরা কেউ আজকের এ অবস্থানে থাকতে পারতাম না। সেই মুক্তিযোদ্ধাদের আকুতি, সামনে ঈদ। সবাই ঈদ বোনাস পাবেন। কিন্তু মুক্তিযোদ্ধারা পাচ্ছেন না। বৈশাখী ভাতাও দেওয়া হচ্ছে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের আরেকটি বড় দাবি ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই দুই দিন তাঁদের জন্য বিশেষ ভাতা চালু করতে হবে।’

মোজাম্মেল হক বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, চার হাজার টাকা করে ঈদ বোনাস ও দুই হাজার টাকা বৈশাখী ভাতা এবং স্বাধীনতা ও বিজয় দিবসে পাঁচ হাজার টাকা করে ভাতা দিলে বছরে মাত্র ৪০০ কোটি টাকার প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে এই অর্থ বরাদ্দের জন্য অনুরোধ করব।’ মুক্তিযোদ্ধাদের বিনা পয়সার চিকিৎসার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ বছর সব মুক্তিযোদ্ধাকে বিনা পয়সায় দেশের অভ্যন্তরে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করব। তবে বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধবিরোধীদের ‘ন্যক্কারজনক’ ভূমিকা অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পাঠ্যসূচিতে আমরা মুক্তিযুদ্ধের গৌরবগাথা ইতিহাস অন্তর্ভুক্ত করেছি। কিন্তু ওই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর যুদ্ধাপরাধীদের কথা পাঠ্যপুস্তকে নেই। এটা হতে পারে না। ওই কাপুরুষ যুদ্ধাপরাধীদের ১৯৭১ সালের ভূমিকা পরবর্তী প্রজন্ম সঠিকভাবে জানতে না পারলে তারা ভালো-মন্দ কীভাবে বিচার করবে।’

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন হয় না উল্লেখ করে আ ক ম মোজাম্মেল বলেন, অনেক জায়গায় মাঠ নেই অজুহাত দেখিয়ে জাতীয় সংগীত গাওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। চাইলে শ্রেণিকক্ষেও জাতীয় সংগীত গাওয়া যায়। জাতীয় সংগীত অনেকের গাত্রোদাহের কারণ। এখানে তাদের পাক সার জমিন নেই। এটা না থাকলে তাদের মন ভরে না। মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে তিনি বলেন, অনলাইনে অল্প দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধাদের এমন আইডি কার্ড দেওয়া হবে, যাতে আট ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকবে। টাকা জাল করা যাবে কিন্তু এই কার্ড জাল করা যাবে না।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর ৯৩ ভাগ পানির উৎস বাংলাদেশের বাইরে। এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এ ক্ষেত্রে আমাদের আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।’ তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দলের ঐক্য কামনা করেন।

বাজেট আলোচনায় আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, বি এম মোজাম্মেল হক প্রমুখ।