
যুদ্ধাপরাধের বিচারের সব রায় কার্যকর এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ সংগঠনটি। গতকাল শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।
মিছিলের শুরুতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে শীর্ষস্থানীয় লেখক, শিক্ষক ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত এ সংগঠনের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বক্তব্য দেন। তিনি বলেন, ‘১৯৭১ সালের পর থেকেই আমরা মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচার দাবি করে আসছি। প্রতিশোধের স্পৃহা থেকে নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই এ দাবির বাস্তবায়ন দরকার ছিল। বিচার হচ্ছে, রায় কার্যকরও শুরু হয়েছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সহিংসতা। যারা একাত্তরের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, শুধু তারাই নয়, অপরাপর যে যে রাজনৈতিক শক্তি তাদের সমর্থন দিচ্ছে, তারাও সমান নিন্দনীয় অপরাধ করছে।’ তিনি হরতাল-অবরোধের কারণে রাজনৈতিক সহিংসতা এবং সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলের নামে যারা সন্ত্রাস করছে, দেশের আইনানুযায়ী তাদের নিষিদ্ধ করা উচিত।
এর আগে বাংলাদেশ রুখে দাঁড়াও প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনটির অন্যতম আহ্বায়ক সারওয়ার আলী। তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া ও মুক্তচিন্তার পথ খোলা রাখা, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত এবং নারীর অধিকার সমুন্নত রাখার দাবিতে কাজ করছে বাংলাদেশ রুখে দাঁড়াও।
শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার, সারওয়ার আলী, আবেদ খান, শ্যামলী নাসরিন চৌধুরী, মুহম্মদ জাফর ইকবালসহ আরও অনেক বিশিষ্টজন মিছিলে অংশ নেন। যোগ দেন নানা শ্রেণী-পেশার মানুষ। শুরুতে শহীদ মিনারে রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ মিছিলের ব্যানার ও ফেস্টুনে যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের আহ্বান তুলে ধরা হয়। মিছিলে কোনো স্লোগান ছিল না, ছিল প্রতিবাদী গান। গানের দলের সঙ্গে সবাই কণ্ঠ মিলিয়েছেন। মিছিল শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, বাংলা একাডেমি ও টিএসসি হয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সুলতানা কামাল মানবতাবিরোধী অপরাধের একটি রায় কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা চাই কোনো রকম অযৌক্তিক কালক্ষেপণ না করে অন্য রায়গুলোও যেন কার্যকর করা হয়।’ তিনি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনা উল্লেখ করে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে মনে করি, ধর্মের নামে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে অপব্যাখ্যাকারী অশুভ শক্তি জনগণকে বিভ্রান্ত করছে।’