জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে সমাবেশ
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গতকাল বুধবার চট্টগ্রামে সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড যৌথভাবে সমাবেশের আয়োজন করে।গতকাল সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার করছে, তখন জামায়াত-শিবির সারা দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে।জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।বক্তারা বলেন, অবিলম্বে জামায়াতের নিবন্ধন বাতিল করে মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা পূরণ করতে হবে। তা না হলে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের জ্যেষ্ঠ সহকারী কমান্ডার মো. মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাফ্ফর আহমদ।মহানগর ইউনিটের সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াছ মিঞার পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার এ কে এম সারোয়ার কামাল, মহানগর সংসদের সদস্য শহীদুল হক চৌধুরী, নুরুল হক বীর প্রতীক প্রমুখ।