বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতের রাজনীতি জামায়াত করছে। তাদের জবাবদিহি তাদের কাছে থাকবে। আমরা পরিষ্কার বলতে চাই, কোনো রকমের হিংসাত্মক ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না। এ পর্যন্ত সে ধরনের কোনো কর্মসূচি আমরা দিইনি।’গতকাল বুধবার রাতে ১৮ দলীয় জোটের বৈঠক চলাকালে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির মদদে জামায়াত রাজপথে সহিংসতা করছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা সর্বৈব মিথ্যা। সরকারের মন্ত্রীরা, বিশেষ করে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম থেকেই বিএনপিকে জড়িয়ে কথা বলতে শুরু করেছেন। বিএনপিকে জড়ানোর কোনো সুযোগ নেই। কারণ, বিএনপি এর মধ্যে কোনো কর্মসূচি দেয়নি। তিনি বলেন, ‘জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক কারণে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিতেই পারে। সেটা তাদের দায়দায়িত্ব। এটার নাম করে বিরোধী দলকে দমন করার তীব্র নিন্দা জানাচ্ছি।’ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জামায়াতের সঙ্গে সরকারের বড় রকমের সংঘর্ষ চলছে। আমরা মনে করি, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য রাজনৈতিক দল, বিশেষ করে, বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। এর মাধ্যমে সুকৌশলে দেশে একটি অরাজক অবস্থার সৃষ্টি করছে।’গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা গণতান্ত্রিক কর্মসূচি কি না, এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, গাড়ি পোড়ানো বা এ ধরনের হিংসাত্মক কর্মসূচির পক্ষে আমরা কখনো ছিলাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে, করছে কেন, বা করানো হচ্ছে কেন? আপনি আমাকে মিছিল করতে দেবেন না, স্বাভাবিকভাবে তাহলে সংঘর্ষ হবেই। সংঘাত এড়ানোর জন্যই সরকারের উচিত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া।’আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে গতরাত নয়টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানববন্ধন, ঢাকা শহরের প্রবেশদ্বারগুলোতে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি, একই রকম কর্মসূচি জেলা ও উপজেলা সদরে পালনের প্রস্তাব আসে। এ ছাড়া আগামী মার্চের মধ্যেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার ওপর জোটের কোনো কোনো নেতা গুরুত্ব আরোপ করেন।বৈঠকে জামায়াতের একক কর্মসূচিতে সরকার নির্যাতন চালাচ্ছে বলে আলোচনা হয় এবং জোটের নেতারা এর নিন্দা জানান বলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এলডিপির সভাপতি অলি আহমদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ।