সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘোনাপাড়া এলাকায় গত মঙ্গলবার সকালে গুলিতে আনারুল ইসলাম (২৫) নামে জামায়াতের এক রুকন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের গুলিবিনিময়ের সময় তিনি নিহত হন। এ সময় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। তবে জামায়াতের দাবি, পুলিশ তাঁকে গুলি করে হত্যা করেছে।
নিহত আনারুল ইসলামের বাড়ি দেবহাটার নাংলা গ্রামে। তাঁর বাবার নাম হান্নান গাজী।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক কুমার বিশ্বাসের ভাষ্যমতে, তাঁরা জানতে পারেন, জামায়াত-শিবিরের কর্মীরা সংখ্যালঘুদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে উপজেলার নাংলা এলাকায় সংঘবদ্ধ হচ্ছেন। এ খবর পেয়ে সেখানে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঘোনাপাড়া বড় কালভার্ট এলাকায় যৌথ বাহিনীর ওপর হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় গুলিবিনিময়ের একপর্যায়ে আনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, গুলিবিনিময়কালে তিনিসহ শিক্ষানবিশ উপপরিদর্শক তানভির আহমেদ, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, মাহফুজুর রহমান ও গৌতম বিশ্বাস ছররা গুলিতে আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ছয়টি গুলি, দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে। দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহামঞ্চদের দাবি, নিহত আনারুল জামায়াতের রুকন। ঘটনার সময় তিনি একটি চিংড়ি ঘেরে ছিলেন। পুলিশ দেখে পালানোর সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়।
তারক কুমার বিশ্বাস জানান, নিহত আনারুলের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যাসহ তিনটি হত্যা মামলা আছে।